পাকুন্দিয়া চলন্ত অটোরিকশার গতিরোধ করে এক নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের মামলায় পলাতক এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবু (২০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প ও ঢাকার মোহাম্মদপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান চালায়। গ্রেপ্তার বাবু পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ৩০ বছর বয়সী ওই নারী পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশাটির গতিরোধ করেন। পরে তাঁকে জোরপূর্বক নামিয়ে পাশের একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যান। সেখানে রাজা (২৭), বিজয় (২৩) ও বাবু পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর স্বর্ণালংকার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান আসামিরা।
এ ঘটনায় ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা করা হয়। মামলার পর থেকেই বাবু পলাতক ছিলেন।
এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক একটার দিকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency