কিশোরগঞ্জের সদর উপজেলায় পাগলা শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ তিনজন এবং দুটি ছাগল আহত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ভদ্রপাড়া গ্রামের আবুল হাশেম মিয়া (৭০), কামালের পাঁচ বছর বয়সী শিশু এবং রাজমিস্ত্রি ফুরকানের মা (৫৫)। এ ছাড়া একই গ্রামের খালেক ও মানিকের দুটি ছাগলও শিয়ালের কামড়ে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই তিন ব্যক্তি নিজেদের প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হন। এ সময় লোকালয়ের আশপাশ থেকে একটি শিয়াল বের হয়ে হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করে। শিয়ালের কামড়ে তাঁরা আহত হলে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
একই দিনে লোকালয়ে শিয়ালের আক্রমণে তিনজন মানুষ ও দুটি ছাগল আহত হওয়ার ঘটনায় ভদ্রপাড়া গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দিনের বেলায় লোকালয়ের কাছাকাছি শিয়ালের বিচরণ ও মানুষের ওপর আক্রমণের ঘটনায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সমাজসেবা করুন
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী রেনু মিয়া জানান, আগে সাধারণত ঝোপঝাড়, ফসলি জমি কিংবা নির্জন এলাকায় শিয়ালের দেখা মিলত। তবে সম্প্রতি লোকালয়ের কাছাকাছি শিয়ালের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency