কিশোরগঞ্জ জেলা পরিষদের বিশ্বস্ত, অত্যন্ত নিষ্ঠাবান ও জ্যেষ্ঠ অফিস সহায়ক মোক্তার হোসেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো নিজ বাসা থেকে কর্মস্থলে আসার পথে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়।
স্থানীয় ও জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সকালে অফিসে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে আশপাশের পথচারী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মোক্তার হোসেনের এই আকস্মিক প্রয়াণের খবরে কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর সহকর্মী ও কর্মীরা এই অপূরণীয় ক্ষতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে জেলা পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে জেলা পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত।
এক যৌথ শোকবার্তায় জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর রুহের শান্তির জন্য বিশেষ প্রার্থনা জানান। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন এই কঠিন মুহূর্তে পরিবারবর্গকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন এবং মরহুম মোক্তার হোসেনকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমীন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency