কিশোরগঞ্জে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এর বাইরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩১ জন।
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে বিশেষ ও চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. কামরুল হাসান (৪৬) ইটনা উপজেলার মুদিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর রাজনৈতিক পরিচয় জয়সিদ্ধি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমন, জননিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency