1. admin@narashundanews.com : admin :
গাজীপুরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড অনুষ্ঠিত। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

গাজীপুরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড অনুষ্ঠিত।

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯৮ Time View

৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে সফলভাবে সম্পন্ন হলো ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন আনসার সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ কেপিআই (KPI)সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীভূত আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সদস্যদের পেশাগত মর্যাদা, সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিতকরণে বহুমুখী সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগের কথা উল্লেখ করেন।
মহাপরিচালক বলেন, দেশের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও কেপিআইয়ের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

তিনি দায়িত্ব পালনকালে সরকারি জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব অঙ্গীভূত আনসার সদস্য ত্যাগ স্বীকার করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে ডাকাতির চেষ্টা প্রতিহত করাসহ দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধে অঙ্গীভূত আনসার সদস্যরা সাহসিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের এই অবদান বাহিনীর গৌরব ও মর্যাদাকে সমুন্নত করেছে।
অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, তাঁদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ সৃষ্টি এবং রেশন ব্যবস্থার মান ও পরিমাণ বৃদ্ধিসহ সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীর সংস্কার ও সদস্যকল্যাণে গৃহীত উদ্যোগগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁদের ভূমিকা আরও সম্প্রসারিত হবে। সদস্যদের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সদস্যদের প্রাপ্য ভাতা আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীভূত আনসার সদস্যদের প্রশিক্ষণকে আরও যুগোপযোগী করা হয়েছে। মৌলিক প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা, সাধারণ ও অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র পরিচালনা, নিরাপত্তা পদ্ধতি, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি মূল্যায়ন, আইন ও বিধিবিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাঁদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে বলেন, আজ থেকে তাঁরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত আনসার। এই পরিচয় তাঁদের জন্য যেমন সম্মানের, তেমনি দেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অঙ্গীকার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি নবীন অঙ্গীভূত আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান।

৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া ৬০ দিনব্যাপী অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশগ্রহণ করেন এবং তাঁদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণে ফায়ারে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা জেলার কাজী মোঃ আবু সাঈদ, ড্রিলে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী জেলার মোঃ ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ি জেলার মোঃ সাবিকুর রহমান। মহাপরিচালক কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুচকাওয়াজ শেষে তুরস্কের জেন্ডারমেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একটি দাঙ্গা প্রতিরোধ নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে মহাপরিচালক বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন, আনসার গার্ড ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর এই সক্ষমতার প্রতিফলন সম্প্রতি গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন মোকাবিলায়ও পরিলক্ষিত হয়েছে।
মহাপরিচালক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, প্রশিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। তিনি নবীন সদস্যদের কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মোঃ সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তা-প্রশিক্ষকগণ এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency