জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মনোয়ারা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
তাঁরা আরও বলেন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপাখি পালন, যথাযথ টিকাদান, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করা সম্ভব হবে। খামারিদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।
সভায় খামারিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ খাতে সফল খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency