শ্যামল ছায়া যাত্রীবাহী বাসে মাদকের একটি চালান নিয়ে যাচ্ছিলেন দুই নারী। কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা। এ ঘটনায় দুজনকেই গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী গ্রামের আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই সড়কে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে দুই নারীকে তল্লাশি করলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে দুজনকে হেফাজতে নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency