1. admin@narashundanews.com : admin :
১৩১ কোটি টাকার তহবিল, তবুও উন্নয়ন থমকে! - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

১৩১ কোটি টাকার তহবিল, তবুও উন্নয়ন থমকে!

নূর আহাম্মদ পলাশ, বিশেষ প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ধর্মপ্রাণ মানুষের কাছে এটি শুধু একটি ইবাদতখানা নয়, বরং ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মুসল্লি ও দর্শনার্থী ছুটে আসেন এই মসজিদে। মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি। রয়েছে তুরস্কের স্থাপত্যশৈলীতে দৃষ্টিনন্দন ১০ তলা আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও। অথচ এত বিপুল অর্থ ও উন্নয়নের সম্ভাবনা থাকার পরও মসজিদের ব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট এবং স্থায়ী কমিটি গঠন নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে পাগলা মসজিদ। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছতা ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ স্থায়ী কমিটি গঠন করতে হবে।
সম্প্রতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে স্থানীয় মুরুব্বি ও মুসল্লিদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে মসজিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, প্রায় দুই বছর ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হলেও স্থায়ী কমিটি গঠনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
মুসল্লিদের ভাষ্য, সাধারণত স্বল্প সময়ের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলেও দীর্ঘদিন ধরে একই ব্যবস্থায় প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় জবাবদিহি ও নিয়মিত তদারকির ঘাটতি তৈরি হচ্ছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রাষ্ট্রীয় নানা কাজে ব্যস্ত থাকায় মসজিদের দৈনন্দিন ব্যবস্থাপনায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেও অভিযোগ তাঁদের।
প্রতিনিধিদল আরও জানায়, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁরা পর্যাপ্ত সময় পাননি। পাশাপাশি মসজিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বিশেষ করে নারী মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। দায়িত্ব পালনকালে কিছু আনসার সদস্যের অসচেতনতা ও মোবাইল ফোন ব্যবহারের কারণেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে বলে তাঁরা দাবি করেন।
মসজিদ পরিচালনা কমিটিতে স্থানীয় নিয়মিত মুসল্লি, অভিজ্ঞ মুরুব্বি ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, যাঁরা দীর্ঘদিন ধরে মসজিদের সঙ্গে সম্পৃক্ত এবং এর পবিত্রতা ও সুনাম রক্ষায় আন্তরিক, তাঁদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
মুসল্লিদের অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি পাগলা মসজিদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘পাগলা মসজিদ কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। সারা দেশের মানুষের কাছেও এটি অত্যন্ত পরিচিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অ্যাডহক কমিটি সাধারণত স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে। অথচ এখানে দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা চলমান থাকা দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব এবং স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করব।’
তাঁর এই আশ্বাসের পর দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও তাঁদের প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে নামাজের জায়গার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেক মুসল্লিকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় নামাজ আদায় করতে হয়।
এ ছাড়া পর্যাপ্ত অজুখানা, শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় নারী-পুরুষ উভয় মুসল্লি এবং দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ দিনগুলোতে মানুষের সমাগম বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
স্থানীয়দের মতে, মসজিদের বর্তমান অবকাঠামো ও ব্যবস্থাপনা দিয়ে ক্রমবর্ধমান মুসল্লির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই পরিকল্পিত সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা এখন সময়ের দাবি
পাগলা মসজিদের তহবিলে বর্তমানে ১৩১ কোটি ৪১ লাখ টাকারও বেশি অর্থ জমা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিপুল এই অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে।
গত ১০ আগস্ট ২০২৫ তারিখে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় তিনি তুরস্কের স্থাপত্যশৈলীর আদলে পাগলা মসজিদ ওয়াক্‌ফ এস্টেটে দৃষ্টিনন্দন ১০ তলা মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান।
পরিকল্পিত এই কমপ্লেক্স বাস্তবায়িত হলে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মুসল্লিদের নামাজের স্থান, অজু, পার্কিংসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পনার বাস্তবায়ন, অর্থায়ন ও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে এখনও প্রত্যাশা ও প্রশ্ন রয়েছে।
কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে প্রচলিত ইতিহাস ও শিক্ষক মতিউর রহমান রচিত ‘দেওয়ান ঈসা খাঁ’ গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৯১৮ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়। পরে স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয়।
কথিত আছে, বাংলার বার ভূঁইয়াদের অন্যতম শাসক ঈসা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর দাদ খাঁ দুনিয়াদারির প্রতি আগ্রহ হারিয়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘পাগলা সাহেব’ নামে পরিচিত ছিলেন। তাঁর ইবাদত-বন্দেগির জন্য নরসুন্দা নদীর মাঝখানে একটি টিলার ওপর টিনের ঘর নির্মাণ করা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই স্থাপনাই পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।
এখন প্রয়োজন
স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মতে, পাগলা মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিপুল অর্থের তহবিলের যথাযথ ব্যবহার, মুসল্লিদের নিরাপত্তা, নারীদের নামাজের পরিবেশ, পর্যাপ্ত অজুখানা ও পার্কিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
এ জন্য স্থানীয় মুসল্লি, বিশিষ্ট আলেম, অভিজ্ঞ ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি কার্যকর স্থায়ী পরিচালনা কমিটি গঠনের দাবি উঠেছে।
পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জের নয়, এটি দেশের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই এই প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিকায়নে আর বিলম্ব নয় এমন প্রত্যাশাই এখন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর।

০৯ নভেম্বর ২৬
০১৯২৯১২৪৩১১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency