কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসটি সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খালে উল্টে পড়ে যায়।
মাইক্রোবাসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটিতে নারী ও শিশুসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency