এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক ও কর্মচারীকে নতুন পে-স্কেলের আওতায় আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে।
এর মধ্যে বেতন ও ভাতা বাবদ লাগবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা এবং বাকি টাকা ব্যয় হবে পেনশন খাতে। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।
সরকার গত জুলাই মাস থেকে চার ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়ন শুরু করায় সরকারি কর্মচারীরা চলতি মাসেই সংশোধিত বেতন ও বকেয়া পাবেন। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এই সুবিধা পাওয়ার সময়সীমা এখনো অনিশ্চিত।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০১৫ সালেও এমপিওভুক্ত কর্মীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ছয় মাস সময় লেগেছিল।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘চলতি ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর জন্য অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় উভয়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
- বর্তমানে সরকার এমপিওভুক্ত জনবলের পেছনে বার্ষিক ১৯ হাজার ২২৭ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জন্য ১২ হাজার ৯৩০ কোটি টাকা, মাদ্রাসার জন্য ৫ হাজার ৫৩০ কোটি টাকা এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৭৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
মাসিক পে-অর্ডার (এমপিও) ব্যবস্থার আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সরকারি অনুদানের মাধ্যমে মূল বেতনের শতভাগ এবং এর সঙ্গে চিকিৎসা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency