কিশোরগঞ্জের কটিয়াদীতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিহতের নিকটাত্মীয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামের রুবেল (২৬), সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)।
রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার এজাহারে নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে পরিবারের দেখাশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর টর্চলাইট নিয়ে বাড়ির কাছের মাগুরা ভিলে মাছ শিকারে বের হন জাকির। কয়েক ঘণ্টা পর এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে রুবেল, সুমি আক্তার ও আবেদা খাতুনকে আটক করা হয়। পরে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার সাহা বলেন, নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency