কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশে একটি পিকআপ নিয়ে ৮ থেকে ৯ জনের একটি আন্তঃজেলা ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পেছন থেকে ধাওয়া করে ভালুকা থানা এলাকার হাইওয়ে রুটে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুরের ইউনুস খান (৪৫), মানিকগঞ্জের শিবালয়ের মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুরের মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার আঃ মালেক ওরফে ছালেক (৫০)। তাদের বর্তমান ঠিকানা ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোনও জব্দ করা হয়।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. বাহার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ডাকাত দলের ডাকাতির কার্যক্রম নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency