কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
সোমবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আশরাফুল হক আবির (২৯)। তিনি নেত্রকোনার মদন উপজেলার হাসনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলার বার আউলিয়ার মোড় (শাহজালাল হাসপাতাল) এলাকায় বসবাস করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মদন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফুল হক আবিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ
০৫/১০/২৬
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency