গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহতদের মধ্যে আছেন উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করতে রাত পৌনে ৩টার দিকে সেখানে অভিযানে যান এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পরে তাকে বাড়ি থেকে আটক করা হয়। আহিদ মৃত শহিদ মিয়ার ছেলে।
আহিদকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। হঠাৎ ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency