পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা জামান পুণমের বদলির খবরে সাধারণ রোগী ও স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে আসা এই চিকিৎসককে হঠাৎ বদলির সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে ডা. ফারজানা জামান পুণম রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ এবং সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। অভিযোগ বা প্রশ্ন উঠছে—তাঁর অপরাধটা কী?স্থানীয়দের দাবি অনুযায়ী, তিনি গরিব ও অসহায় রোগীদের সর্বোচ্চ সহায়তা দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেন। রোগীদের ওপর অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বোঝা চাপিয়ে না দেওয়ার বিষয়ে তিনি সচেতন ছিলেন। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের অনেক সময় বিনামূল্যেও চিকিৎসা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর কাছে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা।
এ ছাড়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারিয়ান সেবার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি—যাতে এলাকার মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করে কিশোরগঞ্জে গিয়ে চিকিৎসা নিতে না হয়। হাসপাতালকেন্দ্রিক কোনো দালালচক্রকে প্রশ্রয় না দেওয়া এবং অপ্রয়োজনীয় ওষুধ না লেখার বিষয়টিও স্থানীয়দের আলোচনায় এসেছে।
স্থানীয় রোগীদের আরও দাবি, যেখানে বেসরকারিভাবে চিকিৎসকের পরামর্শ নিতে অনেক ক্ষেত্রে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে ডা. পুণম তুলনামূলকভাবে স্বল্প খরচে—প্রায় ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে—রোগী দেখতেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency