কক্সবাজারের উখিয়া সীমান্তে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সফল অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্টসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
এর কয়েক ঘণ্টা পর, রাত ১১টা ২০ মিনিটে, একই বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজন সন্দেহভাজন পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

দুই অভিযানের পর পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারে সীমান্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে বিজিবি কাজ করছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency