কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২৪ জুলাই) শুক্রবার সকাল ১০ টার দিকে
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী তুহিন (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়। নিহত তুহিন
গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ
শ্রেণির ছাত্র। তার পিতা শামসুল কিশোরগঞ্জ সদর থানা পুলিশের গাড়িচালক বলে জানা গেছে।
অন্যদিকে বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মাইক্রোবাসচালক নিহত হন।
জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষে
দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ছয়জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency