কিশোরগঞ্জে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ৩২ জনের পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে সর্বমোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি হিসেবে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাত হোসেন পিয়াল (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাত হোসেন পিয়াল কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন নিউটাইন (পশ্চিম তারাপাশা) এলাকার বাসিন্দা। তিনি নুরুল আলম ওরফে বাবুলের ছেলে। পুলিশের তথ্যে তার রাজনৈতিক পরিচয় হিসেবে সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি উল্লেখ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency