পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে চলে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগসহ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ সুপার আবু আশরাফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency