বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফন
বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মুঞ্জুরুলহক মুঞ্জু, ,কিশোরগঞ্জ প্রতিনিধি
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ঘাতক জামায়াত ইসলামী কর্তৃক পিরোজপুরের বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়।
এতে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীরমুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, হোসেনপুর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব শাহাবউদ্দিন মজনু, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা জামিল আনসারী প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পর আজকে জীবন বাজি রেখে দেশকে যারা স্বাধীন করেছিল তাদের গার্ড অব অনার ও দাফনে বাধা দেয় একাত্তরে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির। এটা আমাদের জন্য খুবই বেদনা ও লজ্জার বিষয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে জাতি ক্ষমা করবে না। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানে সরকারের উপর জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের কালীবাড়ি এলাকা প্রদক্ষিণ করেন।
জেলা ও উপজেলা থেকে আসা বিপুল পরিমাণ মুক্তিযোদ্ধা এ মানববন্ধনে অংশ নেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency