শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে এবং তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাকির হোসেন শনিবার রাতে বাড়ির পাশের বিলে মাছ শিকারে যাওয়ার কথা বলে বের হন। পরবর্তীতে তার এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। পরে তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, জাকিরের পরিবারের সঙ্গে নিকটাত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ঠিক কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কটিয়াদী মডেল থানার পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency