কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম বাজার জামে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করার অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মসজিদের মেয়াদোত্তীর্ণ সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের বিরুদ্ধে তহবিলের হিসাব গোপন রাখা, হিসাব চাইতে গেলে হুমকি দেওয়া এবং মসজিদের অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিদের একাংশ।
গত ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মুসল্লিদের পক্ষে মো. শাহাব উদ্দিন ঠাকুর (নোয়াব) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, প্রায় দুই বছর ধরে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব মুসল্লি ও সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপন করা হচ্ছে না। বারবার হিসাব চাওয়া হলেও তা দেওয়া হয়নি। বরং হিসাব চাইতে গেলে দলীয় প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মসজিদের তহবিলে জমা হওয়া অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনে উপস্থিত মুসল্লিরা। তাঁদের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ ও মুসল্লিদের সামনে তা প্রকাশ করা সংশ্লিষ্ট কমিটির দায়িত্ব। মসজিদের তহবিল কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি মুসল্লিদের দান ও অনুদানের আমানত।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা মসজিদের তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানান।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব। মুঠোফোনে তিনি বলেন, “এটি একটি ষড়যন্ত্র। আমি মসজিদের তহবিলে কোনো গড়মিল করিনি। কতিপয় ব্যক্তি আমার অবস্থানকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব করছেন। আমি হিসাব দিতে সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “মসজিদের আয়-ব্যয়ের হিসাবের খাতা রয়েছে। সেখানে গড়মিল করার কোনো সুযোগ নেই। তাই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন।”
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব মুসল্লিদের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency