কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ও ডাকাতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অষ্টগ্রাম থানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় সভায় মোহাম্মদ রোকনুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ওসি রোকনুজ্জামান থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ দমনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি জানান, তাঁর কার্যকালে অষ্টগ্রাম থানায় মাদকসংক্রান্ত মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৭৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ লাখ ৬ হাজার টাকা।
এ ছাড়া ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক ও আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন অভিযানে মোট ৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, অষ্টগ্রাম উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর, সহসভাপতি অজিত দত্ত,দৈনিক বাংলাদেশ বুলেটিন এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও নরসুন্দা ডট কমের হাওরাঞ্চল প্রতিনিধি মোঃ মাহবুব আলম, দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা সংবাদদাতা ও এটিভি অনলাইন এর সম্পাদক মোঃ নাদিরুজ্জামান আজমলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency