কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রিয়াদ মিয়া (২০) ও অভিযুক্ত হৃদয় মিয়া চরদেওকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার মাকে মারধর করতেন। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন মাদকের টাকার জন্য তার ছোট ভাই রিয়াদ মাকে মারধর করেছেন। এ বিষয় নিয়ে রিয়াদকে জিজ্ঞাসাবাদ করলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের বুকে ছুরি দিয়ে আঘাত করেন হৃদয়।
স্থানীয়রা গুরুতর আহত রিয়াদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরই অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency