বিলমাকশা জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ অর্ধশতাধিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী হাওর গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে কাজী রেহা কবির সিগমা বলেন, অষ্টগ্রামের বিলমাকশা জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। জনগণের সম্পদ নিয়ে কোনো পেশিশক্তি, দখলদারিত্ব কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া উচিত নয়।
তিনি বলেন, রাজনীতি মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য; নিজেদের মধ্যে সংঘর্ষ করে দল ও জনসমাজকে কলঙ্কিত করার জন্য নয়। দলীয় পরিচয়, পদ-পদবি কিংবা প্রভাব খাটিয়ে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে যার বিরুদ্ধে যে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো পক্ষপাত বা ছাড়ের সুযোগ থাকা উচিত নয়।
জলমহালের ইজারা ও ভোগদখল নিয়ে বিরোধ থাকলে তা আইন, প্রশাসনিক প্রক্রিয়া ও ন্যায়সংগত সিদ্ধান্তের মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। অস্ত্র বা সংঘর্ষের মাধ্যমে কোনো বিরোধের সমাধান হতে পারে না বলেও উল্লেখ করেন।
কাজী রেহা কবির সিগমা আরও বলেন, অষ্টগ্রামের মানুষ শান্তি চায়। তাই ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে সংযত হতে হবে এবং দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে জনগণের সম্পদ বা মানুষের নিরাপত্তা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, অষ্টগ্রামের মানুষের স্বার্থ সবার আগে। সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও আইনের প্রশ্নে কোনো আপস না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দখলবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হাওরবাসীর প্রতি আহ্বান জানান কাজী রেহা কবির সিগমা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency