জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর এলাকায় মো. নাজমুল নামের এক যুবককে গুলি করে হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. আখতারুজ্জামান সরকার অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।


এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আসামির পক্ষে তার আইনজীবী ওবাইদুল ইসলাম তাকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আজ কারাগারে নেওয়ার পথে অজয় কর বলেন, ‘দেশে আমার নামে কোনো জিডি নেই, মামলা নেই। তবু একের পর এক মামলা দেওয়া হচ্ছে।’
আমি উচ্চ আদালতে গেছিলাম। হাইকোর্টে রিট করেছি।
হাইকোর্ট বলেছেন—‘নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ। কিন্তু হাইকোর্টের ওই আদেশেও আমি বাঁচতে পারলাম না।’
অজয় করকে তিন মামলায় গ্রেপ্তারের তথ্য দিয়ে ওবাইদুল ইসলাম বলেন, “আসামির পক্ষে আমরা হাইকোর্টে রিট করেছিলাম। রিটে মাননীয় হাইকোর্ট ডিভিশন আসামির বিষয়ে ‘নো শ্যোন অ্যারেস্ট, নো হ্যারেজ’ এই আদেশ দিয়েছিলেন। সেই আদেশের কপি প্রত্যেকটি দায়িত্বশীল অফিস/দপ্তরে আমরা পৌঁছেছি।
পৌঁছানোর পরে আমরা জামিননামা দাখিল করেছি।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে আন্দোলনে অংশ নেন নাজমুল। বিকেলে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান নাজমুল। পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency