কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবিকে কুপিয়ে হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আজহারুল ইসলাম মিলন (৫১) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, মৃত আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সায়েম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুন সকালে পারিবারিক কলহের জের ধরে আজহারুল ইসলাম তার বড় ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাসলিমাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ওই দিন দুপুরের দিকে আজহারুল ইসলাম নিজেই পাকুন্দিয়া থানায় আত্মসমর্পণ করেন। পরদিন নিহত তাসলিমার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারুলকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানার তৎকালীন উপপরিদর্শক শেখ জিয়াউল রাব্বী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে ২০১৯ সালের ১০ জুন কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজহারুল ইসলাম মিলনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। নিহত তাসলিমা আক্তার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়ছির গ্রামের ফজর আলী ও সৈয়দ বানু দম্পতির মেয়ে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency