- পর্ব তিন
মেয়ের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনলাম। কোনো সংকোচ না করে খোলামেলা কথা বললাম ওর সাথে। আমার মনে হয়, মেয়েদের সাথে মায়ের সম্পর্ক ঘনিষ্টতর হওয়া উচিত। বিশেষ করে ওরা যখন বড় হতে থাকে, তখন মনের স্তরে স্তরে অনেক কথা জমে ওঠে। সব কথা হয়তো বলবে না মাকে। তবু কিছু কথা যেনো অবশ্যই বলতে পারে, সে রকম অনুকূল আবহাওয়া বজায় থাকা উচিত মা-মেয়ের মধ্যে। আমাদের মধ্যে এটা আছে।
আমি কথা বলতে থাকি। মেয়ের মাথা নিচু হয়ে থাকলো। মুখের তেমন শব্দ হলো না। কেবল মাথাটাই বাধ্য হয়ে মাঝেমাঝে এদিক ওদিক গেলো। আমি কথা বললাম মুখে। মেয়ে মাথায়। যাক, ভাব বিনিময় তো হলো। ভাষার মূল কাজ তো ভাব বিনিময় করাই। মেয়ে এমনভাবে রইলো যেনো বড় কোনো অপরাধ করে শাস্তির অপেক্ষায় বসে আছে।অতীতের দিনগুলোর কথা মনে পড়ে আমার। সে দিনগুলো কী রোমাঞ্চকর, কী বিশ্রি আর অজ্ঞতায় ভরা! তখন বারো। এক অচেনা চাঞ্চল্য ভর করেছে দেহে ও মনে। খালি এদিক ওদিক ঘুরে বেড়াই। আড্ডাবাজি করি। এসব ভালো লাগে। কিন্তু মাঝেমধ্যে উদাসিন হই। কেনো যেনো ভালো লাগে না, বুঝতে পারি না। সে সময় কতো সমস্যার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের! ওই বয়সেই পিরিয়ড শুরু হয়ে গিযেছিলো আমার। এক রাতে এমন অবস্থার মুখে পড়ে খুব ভয় পেয়ে যাই। রক্তে লেপ্টে থাকা স্যালোয়ার নিয়ে নেমে যাই বাড়ির পেছনের পুকুরে। আমার গোসলের সাক্ষী হয় বড় চাচি। বড় চাচি পৃথিবীতে নেই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। গোসল সেরে পাড়ে উঠে দাঁড়াতেই চাচি এসে উপস্থিত। আমার কলিজা কাঁপতে থাকে। থমকে দাঁড়িয়ে পড়ি। চাচি কিছু না বলে মুচকি হেসে চলে গেলে আমিও এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ি ঘরে। স্যালোয়ার কামিজ পাল্টে, ভেজা কাপড়গুলো টানিয়ে রাখার নিরাপদ জায়গা না পেয়ে অন্য শুকনো কাপড়ের নিচে রেখে দিই। সারাদিন সেখানেই ঘাপটি মেরে থাকে সেগুলো। ভয়ে সংকোচে বাইরের রোদে শুকাতে দেয়া হয় না। অন্ধকার নেমে এলে ঘরের ভেতরেই ছড়িয়ে দিই।
রাতে চাচি এলে আমি সংকোচিত যাই। মাথা নিচু করে চৌকির এক কোনে আমাকে বসে থাকতে দেখে চাচি সামান্য হাসে। হাত বাড়িয়ে কাপড়ের ছোটো একটা পুটলা এগিয়ে দেয়। হাতে নিই। কিছু জিজ্ঞেস করার সাহস পাই না। বুঝতে পেরে চাচিই করণীয় বলে দেয়। তারপর হালকা করে চুল টেনে দিয়ে বলে- এইটাতে সুতি কাপড়ের পরিষ্কার তেনা আছে। ভয় পাইস না। বুড়ি অয়া গেছস। বলে একটা বোনাস মুচকি হাসি দিয়ে চাচি চলে যায়। সেই থেকে সুতি কাপড়ের তেনাই ছিলো একমাত্র ভরসা। সেদিনও নিজেকে মেয়ের মতোন এমন অপরাধী মনে হয়েছিলো।মেয়ে গোসল সেরে স্কুলড্রেস পরে নিয়েছে। আমি টেবিলে খাবার দিয়েছি। সাধারণত সকালে আর রাতে একসাথেই খাই আমরা। দুপুরে অনেক সময় স্কুলে দেরি হয় আমার। তখন সে একাই খায়। মুখে হাসি ফুটিয়ে খেতে বসলো মেয়ে। হাসতে পারা মানুষের অন্যতম গুণ। আমার মেয়ের এ গুণটি আছে। বেশ ভালোই আছে। আজ সবজি রান্না করেছি। সবজি আর ডাল পছন্দ মেয়ের। মেয়ে জানতে চায়,
– মা, রান্নাটা তুমি কার কাছে শিখেছিলে? আমাদের কথা চলতে থাকে। আমি বলি,
– কেনো? ভালো হয়নি?
– জঘন্য! জঘন্য হয়েছে মা!আমি তড়িঘড়ি করে নিজে একটু মুখে দিই। চেখে দেখি। আমার মন্দ লাগে না। আমাদের দেশের মেয়েরা সাধারণত ‘রান্না ভালো হয়নি’ কথাটা শুনতে চায় না। রান্না যতো খারাপ হোক, হাসিমুখে খেয়ে যেতে হবে সবার। কোনো অভিযোগ করা যাবে না। নতুন রাঁধুনি বা নতুন বউ হলে হয়তো কিছুটা মানিয়ে নেয়। পুরনো হয়ে গেলেই আর উপায় নেই। বলেছেন তো মরেছেন। আমাকে অবশ্য মেয়ের কাছ থেকে এমন অভিযোগ প্রায়ই শুনতে হতো। এখন হয় আমার রান্না ভালো হয়েছে, না-হয় মেয়ে মানিয়ে নিয়েছে। এতোদিনের অভিজ্ঞতায় রান্নার ভালো-মন্দটা বুঝতে পারি। আজ তো রান্না ভালোই হয়েছে। মেয়ের দিকে আড়চোখে তাকাতেই ফিক করে হেসে দেয় সে। তারপর বলে,
– জঘন্যরকম ভালো হয়েছে মা।
– ভালো আবার জঘন্য হয় কী করে?
– যেমন করে অসম্ভব সুন্দরী হয়!আমাকে হেসে ফেলতে হয়। আজকাল ছেলেমেয়েরা কতো সব অদ্ভুত প্রয়োগ করে শব্দের! শুধু ছেলেমেয়েরা কেনো, বাপ-মারাও। বিশ্রি শোনালেও এগুলো সমাজে যেনো প্রচলন পেয়ে গেছে। কিন্তু এ মুহুর্তে মেয়ের কথা শুনে শংকিত হই। মার মন তো, কেবল খুঁত খুঁত করতে থাকে। জিজ্ঞেস করি,
– তোকে কেউ বলেছে নাকি এমন?
– বললে কি অন্যায় হবে? তোমার মেয়ে কি যথেষ্ট সুন্দরী না?
– না না, তা কেনো? আমার মেয়ে অবশ্যই খুব সুন্দরী।
– খুব সুন্দরী না। অসম্ভব সুন্দরী।দুজনে একসাথে হেসে উঠি। আমার হাসি থামলেও ওর আর থামে না। এরমধ্যেই চিন্তায় পড়ে যাই। ছেলেরা তাহলে সত্যি সত্যি পেছনে লেগে গেছে। মেয়েটা আমার কোনো ফাঁদে না পা দিয়ে বসে। তাহলে কী যে পরিণতি হবে! পরক্ষণেই আবার ভাবি, এগুলো হয়তো স্বাভাবিক। হয়তো আমার মেয়ে অতো বোকা না। সময় কতো পাল্টেছে! নিজেকে সান্ত¦না দিই। মন তবু মানতে চায় না। সুঁই দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কে যেনো কলিজা রক্তাক্ত করে। খেতে খেতে বলি,
– শোন, ছেলেদের সাথে খুব সতর্ক হয়ে মিশবি। দেখবি নিত্য নতুন ফাঁদ নিয়ে এরা তোর কাছে পড়ে থাকবে। সাবধান!
মেয়ে এবার একটু বিরক্ত হয়। সেটা প্রকাশ করে এভাবে,
মা, তুমি ছেলেদের প্রতি এতো ত্যাড়া কেনো, বল তো শুনি?আমি একটুখানি দমে যাই। আমি কেনো ত্যাড়া— এ প্রশ্নের উত্তর যে এখনই দিতে পারবো না। এমনিতেই অনেকগুলো প্রশ্নের উত্তর ওর থেকে আমি এড়িয়ে গেছি। কিন্তু সে উত্তরগুলো একদিন আমাকে দিতে হবে, আমি জানি। এর জন্য প্রস্তুত হচ্ছি। এখন তো এ প্রশ্নের উত্তর আমি এড়াতে পারবো না। এড়ানো উচিতও হবে না। আমি মনে মনে উত্তর তৈরি করি। তারপর বলি,
– শোন, সময়টা খুব ভালো যাচ্ছে না। চরম নিরাপত্তাহীনতা সবখানে। পত্রিকা আর টিভি খুললেই তো দেখতে পাস। তাছাড়া ছেলেমেয়ে যতো বড়ই হোক, মায়ের কাছে তো ছোট, অবুঝ। সেজন্যই বলা। নিজের মনের ভয় কাটানোও বলতে পারিস। মেয়ে মনে মনে কিছুটা ফুঁসে ওঠে। মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারি। সে বলে,
– আচ্ছা বুঝলাম। তার মানে তো এই না যে, আমি কোনো ছেলের সাথে মিশতে পারবো না। কথা বলতে পারবো না। আমরা তো মূলত একটা সমাজেই আছি, নাকি?
– হ্যাঁ, নিশ্চয়ই। সমাজে আছি বলেই তো ভয় রে মা। মানুষের ভয়। সমাজের সবকিছু ছেড়ে দেয়ার ক্ষমতা আছে। আবার কেড়ে নেয়ার ক্ষমতাও আছে। সমাজে কিছু মানুষ আছে, যারা খুব সুরক্ষিত। শুধু পরিবার না, সমাজ এবং রাষ্ট্র এদের নিরপত্তা দেয়। আমরা তো সে নিরাপত্তা বলয়ের মধ্যে নেই রে মা। এ জন্যই আমাদের এতোকিছু ভাবতে হয়।
– আচ্ছা শোনো মা, আমি এখন আর বাচ্চা খুকি নই। ভালো-মন্দ বোধ আমার তৈরি হয়েছে। এসব আজাইরা টেনশন কমাও, ঠিক আছে?আমি মাথা নাড়ি। কথা বলি না। সেও না। দ্রুত দুজনে খাওয়া শেষ করি।
ওর স্কুলে সময় হয়ে গেছে। তৈরিই ছিলো সে। আমি টিফিন বক্সটা গুছিয়ে ব্যাগের নির্দিষ্ট জায়গায় রেখে দিই। ও মুচকি হাসে। আমিও হেসে ওকে জড়িয়ে ধরি। পৃথিবীতে মানুষের ভাব বিনিময়ের এই এক চমৎকার মাধ্যম। শব্দ না করেও কতোকিছু বলা যায়। যেনো “অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে”।
রাস্তায় বেরোতেই রিকশা পাওয়া গেলো। ও রিকশায় চড়ে মুখ বাড়িয়ে বললো, টাটা মা। ‘টাটা’- আমিও বললাম।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency