নগরবাসীর দুঃখ
জাহাঙ্গীর আলম জাহান
বৃষ্টি হলেই শহর ভাসে
জল থইথই চারিপাশে
কোমর পানি হাঁটুপানি
চলতে কত পেরেশানি
ঢাকা সিটি দখিন পুবে
চলছে গাড়ি ডুবে ডুবে
যাত্রীসহ রিকশা আহা
উল্টে পড়ে বাব্বা বাহা
ঝুঁকি নিয়েই যাত্রীগণে
যেতেই বাধ্য ঐ বাহনে।
চট্টগ্রামেও করুণ দশা
দিনে পানি, রাত্রে মশা
ছোট্ট শহর মফস্বলেও
রাস্তা-গলি বৃষ্টিজলেও
হাঁটুসমান যায় তলিয়ে
ভাসে সবই খলবলিয়ে
নগরবাসীর দুঃখ ক্লেশ
একটুখানি হয় না শেষ
নেই নগরে অভিভাবক
এই জনতা পশু শাবক।
বৃষ্টিজলে ভাসবে তারা
ননী খাবেন ঐ নেতারা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency