দুইদিন আগে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম অসুস্থ কবি রিফাত চৌধুরীকে দেখতে। সাথে ছিলো সিনেমা নির্মাতা রেজা ঘটক যদিও ঘটক সিনেমা নির্মাতা ছাড়া সাহিত্যের আরো নানা শাখায় কাজ করে। ঢাকামেডিকেলে রিফাত ভাই এখন থাকে ক্যাবিনে। একটি ব্যবস্থাপনায় থাকতে পারছেন। এই যে ক্যাবিনের ব্যবস্থা এটিও সফল হয়েছে সকল মহলের সহযোগিতায়।
যাক এটি আজ প্রসঙ্গ করবো না। রিফাত ভাই সুস্থ হয়ে উঠুক। আবার কাজে মন দিক এটাই কামনা করবো। রিফাত ভাই অসাধারণ একজন কবি। অসাধারণ একজন অভিনেতা- যার সাথে কারো তুলনা করতে চাচ্ছি না। এই যে অসাধারণ অভিনেতা সেটা কিভাবে বুঝলাম? বুঝলাম এই ভাবে আমার জীবনে যত গল্প ফেঁদেছি ও নির্মাণ করেছি তার বেশিরভাগ গল্পের ক্যারেকটারে রিফাত ভাইকে অভিনেতা হিসাবে যুক্ত করেছি । তাকে আমি স্ট্যাডি করেছি, তার জীবনবোধে যতটুকু পেরেছি, ঢোকার চেষ্টা করেছি। অসম্ভব অভিজ্ঞতা ও বৈচিত্রময় জীবনের বিশাল ভাণ্ডার হচ্ছে রিফাত চৌধুরী। এই কারণে আমার গল্পের ক্যারেকটারে অদ্ভুতভাবে ঢুকে পড়তেন। কোন গল্পের কথা বলবো প্রায় সব গল্পে রিফাত ভাই ছিলেন এবং আছেন। এই প্রসঙ্গে দুই চারটা ধারাবাহিক যেমন “এফ ডিসি”, “No Question,No Answer”, “আসিতেছে দুটি মন দুটি আশা” , সবে শেষ – “তেলছাড়া পরোটা”। আর একটি টেলিফিল্ম-” লিটলম্যাগ”। এই লিটলম্যাগে রিফাত ভাই কেন্দ্রীয় ক্যারেকটারে ছিলেন। তার সাথে মোশাররফ করিম ও মারজুক রাসেল এবং বন্যা মির্জাও অভিনয় করেছিলো। উল্লেখ থাকে যে এরা সবাই বাস্তবজীবনেও কবি। আর যেহেতু গল্পটি “লিটলম্যাগ” এই জন্য শিল্প সাহিত্যের কবিদের জীবনের সাথে মিলে যাওয়া এই গল্প।
” লিটলম্যাগে” রিফাতভাই যেন তার চরিত্র খুঁজে পেয়েছিলেন। এই টেলিফিল্মের প্রতিটা সংলাপ, কবিতা পাঠ সব মিলিয়ে রিফাতভাই জীবন্ত হয়ে উঠেছিলেন। প্রেসে যখন প্রুফ রাইডার হিসাবে তদারকি করছিলেন আহা দৃশ্যটি ভোলা যায়না। কি নিখুঁত তার সাহিত্য সম্পাদনা বন্যা মির্জাকে সুবিধা পাইয়ে দেওয়া তার বাড়িতে প্রবেশ করা সব কিছু বাস্তবিক মনে হয় রিফাত চৌধুরীকে।
যাইহোক এই কবি অভিনেতাকে যতভাবে কাছ থেকে দেখছি আমাদের সম্পর্কের মাত্রাটি অন্য উচ্চতায় চলে যায়। তাই কোনটি নাটকের সংলাপ আর কোনটি ব্যক্তিজীবনের একান্ত নিজের অনুভুতি বুঝতে সমস্যা হয়। রিফাত ভাই একটা ঘোর! নানা ক্রাইসিস এত ভিতর দিয়ে ফিল করেন যা কবিতা হয়ে যায়। তখন সংলাপ থাকেনা প্রতিবাদ হয়ে যায়। এই যে প্রতিবাদ হয়ে যায় তখন নাটকের সংলাপের মত বিনোদন লাগে না। মনে হয় এই যে ক্রাইসিস উনি বলছেন অন্যরকম অন্যভাবে সেটা বুঝতে মনোযোগ দিতে হবে। কিন্তু এই মনোযোগ আমাদের নেই। কারণ পুঁজির লাগামহীন জীবনের কাছে আমরা সবাই পরাজিত। অদ্ভুত আবার পুঁজির কাছেই শিল্পকে ধর্ণা দিতে হয়। তা না হলে শিল্পের রাস্তা দুরূহ হয়ে যায়। এই ভাবেই নির্মম ইতিহাসের মধ্যদিয়ে শিল্প, সাহিত্য, কবিতা, সিনেমা এগিয়েছে। অসুস্থ কবিকে কত নাজেহাল পোহাতে হয়।
তারপরেও রিফাত ভাইয়ের এই অসুস্থতায় তার পরিবারের অধিকাংশের সাথে দেখা হয়ে গেল যা আমার জন্য বিরল অভিজ্ঞতা। রিফাত ভাই শুধু রিফাত কাকা না এখন রিফাত নানা দুটি চমৎকার নাতি নতনির রিফাত নানু। এই অভিজ্ঞতালদ্ধ কবিকে আমাদের দরকার। তার জন্য নয় এই দেশের জন্য। পৃথিবীর জন্য। তাকে আমাদের প্রয়োজন। তাই এই কবির পাশে দেশ থাকুক। শিল্প সমাজ থাকুক। কবি প্রাণবন্ত হয়ে কবিতা লিখুক। অভিনয়ে ফিরুক। এটাই প্রত্যাশা। জয় হোক কবির। জয় হোক রিফাতের। জয় হোক মানুষের।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency