1. admin@narashundanews.com : admin :
জগৎজ্যোতি দাস : বাংলার অকুতোভয় বীর সন্তান - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

জগৎজ্যোতি দাস : বাংলার অকুতোভয় বীর সন্তান

মুহাম্মদ শামীম রেজা
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০১ Time View

 

বাংলার বীর জগৎজ্যোতি দাস। ১৯৭১ সালে তিনি ছিলেন এইচএসসির শেষ বর্ষের শিক্ষার্থী। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী  আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। পরে বিশেষ দায়িত্ব পালনের জন্য ভারতের গৌহাটির নওপং কলেজে ভর্তি হন। সেখানে বিভিন্ন ভাষা শেখার পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের কৌশলও আয়ত্ত করেন। ভাটি বাংলাকে মুক্ত করার শপথ নিয়ে তিনি গড়ে তোলেন দাস পার্টি এবং হন তার সাহসী কমান্ডার।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের জিতেন্দ্র চন্দ্র দাস ও হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। বিংশ শতাব্দীর এই অভিমন্যু মাতৃভূমির জন্য বাংলার কুরুক্ষেত্রের চক্রব্যূহে প্রাণ উৎসর্গ করেছিলেন ।

পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের কাছে জগৎজ্যোতি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। মুক্তিযুদ্ধের সময় টেকেরঘাট সাব-সেক্টরের অধীনে বিস্তীর্ণ ভাটি অঞ্চল শত্রুমুক্ত রাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। দিরাই, শাল্লা, ছাতক, আজমিরীগঞ্জ, বানিয়াচং, জামালগঞ্জ, তাহিরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ রক্ষায় তিনি ও তাঁর দাস পার্টি প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান। দাস পার্টির সাফল্যে এতটাই ভীত হয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনী যে পাকিস্তান সরকার রেডিওতে ঘোষণা দিতে বাধ্য হয়, এই রুটে চলাচলকারীদের জানমালের দায়িত্ব সরকার নেবে না।

মাত্র ১৩ জন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি বানিয়াচংয়ে পাকিস্তানি বাহিনীর প্রায় ২৫০ জন সৈন্য ও তাদের দোসরদের অগ্রযাত্রা রুখে দেন। সেই যুদ্ধে শত্রুপক্ষের অন্তত ৩৫ জন নিহত হয়। পাকিস্তানি গানবোট ধ্বংস করা হয়। ২৯ জুলাই জামালগঞ্জ থানা ও সাচনাবাজার নৌবন্দর শত্রুমুক্ত করে তিনি সারা দেশে আলোচনায় উঠে আসেন।

তাঁর নেতৃত্বেই সিলেট-সুনামগঞ্জ সড়কের বদলপুর ব্রিজ ধ্বংস করা হয়। তাঁর অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন ভারতীয় কমান্ড বাহিনীর মেজর জি. এস. ভাট। ১৭ আগস্ট পাহাড়পুরে তাঁর বীরত্ব ও রণকৌশলে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ রক্ষা পায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় তাঁর বীরত্বগাঁথা।

তিনি একাই এলএমজি হাতে জামালপুর থানা দখল করেন, যেখানে ঘাঁটি গেড়েছিল স্থানীয় রাজাকাররা। জামালপুর মুক্ত করার যুদ্ধে তিনি হারান তাঁর সহযোদ্ধা বীর সিরাজুল ইসলামকে। এরপর মাত্র ১০-১২ জন সহযোদ্ধাকে নিয়ে শ্রীপুর মুক্ত করেন এবং খালিয়াজুড়িতে শত্রুদের বার্জ ধ্বংস করেন।

আগস্ট মাসে কোনো গুলি ব্যয় না করেই কৌশলে দিরাই-শাল্লায় দশ সদস্যের এক রাজাকার দলকে আটক করেন, যারা এলাকায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও নির্যাতন চালাচ্ছিল। রানীগঞ্জ ও কাদিরীগঞ্জেও অভিযান চালিয়ে বহু রাজাকারকে গ্রেপ্তার করেন।

১৬ নভেম্বর ১৯৭১।

এই দিনটিই ছিল বীরের ললাটে লেখা শেষ দিন।

ভোরে ৪২ জন সহযোদ্ধাকে নিয়ে আরেকটি অভিযানে বের হন জগৎজ্যোতি। লক্ষ্য ছিল বানিয়াচং-বাহুবল এলাকা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বদলপুরে  শত্রুদের সুপরিকল্পিত ফাঁদে পড়েন।

কয়েকজন রাজাকার ব্যবসায়ীদের নৌকা আটকে চাঁদাবাজি করছিল। জগৎজ্যোতি তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। মুক্তিযোদ্ধাদের দেখে রাজাকাররা পালাতে শুরু করলে তিনি অল্প কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে তাদের ধাওয়া করেন। কিন্তু বুঝতে পারেননি, সামনে অপেক্ষা করছে পাকিস্তানি সেনাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্রশস্ত্র।

অজান্তেই তিনি প্রবেশ করেছিলেন এক চক্রব্যহে। তবুও যুদ্ধ থামাননি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন।

সহযোদ্ধাদের জীবন বাঁচাতে তিনি সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেন। নিজে এবং সহযোদ্ধা ইলিয়াস  শত্রুর মুখোমুখি থেকে অন্যদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু কিছুক্ষণ পর ইলিয়াসও গুলিবিদ্ধ হন। নিজের মাথার গামছা খুলে তাঁর ক্ষত বেঁধে দেন জগৎজ্যোতি।

ইলিয়াস তাঁকে সরে যেতে বলেছিলেন। কিন্তু জগৎজ্যোতি পিছু হটেননি।

একাই যুদ্ধ চালিয়ে পাকিস্তানি বাহিনীর অন্তত বারোজন সৈন্যকে পরাজিত করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে গোলাবারুদ শেষ হয়ে আসে। সূর্য যেমন ধীরে ধীরে অস্ত যায়, তেমনি নিভে আসে এক অদম্য যোদ্ধার জীবনপ্রদীপ। গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জগৎজ্যোতি দাস।

জনশ্রুতি আছে, গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি তখন জীবিত ছিলেন। তাঁকে আটক করে অমানুষিক নির্যাতন করা হয়। তাঁর শরীরে পেরেক বিদ্ধ করে সেই বিভৎস ছবি সংবাদপত্রে প্রকাশ করা হয়।

এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আজমিরীগঞ্জ বাজারে।

সেদিন ছিল ঈদের বাজার। শত শত মানুষের সামনে খুঁটির সঙ্গে বেঁধে তাঁর মরদেহ  ক্ষত-বিক্ষত করা হয়। রাজাকাররা তাঁর মরদেহের  ওপর থুথু নিক্ষেপ করে। এমনকি তাঁর মা-বাবাকেও জোর করে ডেকে এনে সেই বিভৎস দৃশ্য দেখানো হয়। পরিবার যখন শোকে মুহ্যমান, তখন আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। পরে তাঁর  ক্ষতবিক্ষত  মরদেহ কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ চলাকালীন একাধিকবার জগৎজ্যোতি দাসকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণার কথা প্রচারিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর বীরত্বগাঁথা সম্প্রচারিত হয়। অস্থায়ী বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান দেওয়ার ঘোষণাও দিয়েছিল।

কিন্তু স্বাধীনতার পরে প্রতিশ্রুতি থেকে ফিরে আসে সরকার! ১৯৭২ সালে তাঁকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়। অথচ সেই পদকও তাঁর পরিবারের হাতে পৌঁছাতে লেগে যায় প্রায় দুই যুগ।

একটি স্বাধীন দেশের জন্য জগৎজ্যোতি দাস বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবন। কিন্তু দেশ তাঁকে তাঁর প্রাপ্য স্বীকৃতি দিতে পারেনি। অথচ তিনি বা তাঁর সহযোদ্ধারা কখনো কোনো প্রাপ্তির আশায় যুদ্ধ করেননি। তাঁদের একমাত্র স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ।

আজ এই মহান বীরের প্রয়াণ দিবস। যিনি দেশকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছিলেন।

নরসুন্দা নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency