তাহলে তারেক রহমান আসছেন?
খবরটা গতকাল সকালেই পেয়েছিলাম। শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু কী শর্তে ফিরছেন তা এখনও অপ্রকাশিত। গত ৫ অগস্ট ভারতের মাটিতে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে যাই হোক না না কেন, তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে (১২ ও ১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথেষ্ঠ সম্মানের সাথে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান যেখানে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রধাণ ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিং পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিশ ব্রাজিল, দক্ষিন আফ্রিকা ও অন্যান্য দেশের প্রধানরা থাকবেন। সেখানে আন্তর্জাতিক রাজনীতিতে নিতান্ত শিক্ষার্থী তারেক? ইউনুসের করা মার্কিন চুক্তির প্রেক্ষিতে এই ব্লকে আসা তার অস্বস্তিকর বুঝে ভারত আবার তাকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যে আমন্ত্রণ জানায়।
বিদ্যুৎ-সমস্যায় বাংলাদেশকে বাঁচাবে কে ভারত ছাড়া?
ভারতের এই বৈষ্ণববিনয় আমাকে বেশ অবাক করেছিল। বাংলাদেশ এখন তুমুল গাড্ডায়। বিদ্যুৎ ও গ্যাসের এতটাই আকাল এখন বাংলাদেশে যে ভারত ছাড়া কেউ এই বিপদ থেকে উদ্ধার করার নেই। বাংলাদেশের অর্থমন্ত্রীর প্রদেয় তথ্য বলছে, বিদ্যুৎ ও গ্যাসের এই দুরবস্থা বছর দুয়েক আগেও দেশে ছিল না। শেখ হাসিনা সরকার বিদ্যুতের চাহিদা পুরণে যেমন নানামুখী পদক্ষেপ করেছিল, বলা যায় হাসিনার শাসনকালেই দেশের সব গ্রাম-গঞ্জে বিদ্যুৎ পৌঁছেছিল। হাসিনা সরকারে আসার আগে ২০০৬-০৭ সালের দিকে বাংলাদেশের প্রকৃত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ২,২০০ থেকে ৩,২০০ মেগাওয়াটের কাছাকাছি। পরবর্তী ১৫ বছরে হাসিনা সরকার সেই অঙ্ককে ২৮,০০০ থেকে ৩৩,০০০ মেগাওয়াট করেছিল। বিপর্যয়ের শুরু মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনকাল থেকে। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের বিদ্যুৎ উৎপাদন তলানিতে এসে দাঁড়িয়েছে। এখন তারা ভারতের কাছে ডিজেল ভিক্ষা করছে।
পোশাক শিল্প গোরস্থানের পথেঃ
গঙ্গাজল বন্টনচুক্তি আজও বিশ বাঁও জলে। আর টেক্সটাইল ব্যবসা? বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল দিন তিনেক আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান থাকার সময়েই বিদেশি শক্তিকে খুশি করতে ‘অসম চুক্তি’ করেছেন ইউনূস। এর মাধ্যমে ‘দেশের সার্বভৌমত্ব পুরোপুরি বিকিয়ে দেওয়া হয়েছে। বিদায় নেওয়ার আগে অফিস খুলে ওই ‘অসম চুক্তি’ করা হয়। এর পিছনে ‘অসৎ উদ্দেশ্য’ ছিল। চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে ইউনূস দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন।‘ এর আগে আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা। এ বার একই ভাষায় ইউনূসের সমালোচনা করেলেন বিএনপি-পন্থী হিসেবে পরিচিত শিল্পপতি শওকত আজিজ রাসেল। এর পিছনের উদ্দেশ্য ভারতের কাছে আবদার, ফ্রি-ট্রানসশিপমেন্ট ফিরিয়ে দাও। এই অবস্থায় ভারত এত নমনীয় কেন বাংলাদেশের প্রতি?
গাড্ডায় পড়া বাংলাদেশকে এত গুরুত্ব কেন?
আসল গোলমাল অন্য জায়গায়। বাংলাদেশের তথাকথিত বিরোধী জামাত ই ইসলামের নেতারা ঘনঘন ইসলামাবাদে যাচ্ছেন। লস্কর ই তৈয়ার ছয় জঙ্গি ইতিমধ্যে ঢুকে পড়েছে। বাংলাদেশে ১৩ টি অফিস খুলেছে আইএসআই। উদ্দেশ্য বাংলাদেশকে হিন্দুমুক্ত করা এবং তুরস্ক, পাকিস্তান ও সৌদির সাথে ইসলামিক জোটে যোগ দেওয়া যাতে ভবিষ্যতে বাংলাদেশকে ইসলামী সন্ত্রাসের মুক্তাঞ্চল বানানো যায়। চাপ দিচ্ছেন যাতে বাংলাদেশ কথিত ইসলামিক জোটে যোগ দেয়। বাংলাদেশে প্রচারিত হয়েছে যে তারেকের দিল্লি সফরের বদলে হাসিনার প্রত্যর্পণের শর্ত রেখেছে ঢাকা। কিন্তু ইতিমধ্যে ভারত চীন ও রাশিয়াকে নিয়ে কূটনীতির খেলা খেলে ফেলেছে। চীন ২০ টি যুদ্ধবিমান বিক্রি করার চুক্তি করেছে। আমেরিকা ১৪ টি বোয়িং বিমান বিক্রির চুক্তি করেছে। দ্বিগুণ দামে পণ্য সরবরাহের চুক্তি করে ফেলেছে। রাশিয়া রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ ভারতের মাধ্যমে করতে হবে জানিয়ে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন এতটাই ছিবড়ে যে ভারত সহ বড় অর্থনৈতিক দেশগুলির বাংলাদেশ থেকে কিছু আর পাওয়ার নেই। তাহলে? বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়ার কী আছে?
শেখ হাসিনার কেশাগ্র স্পর্শের ক্ষমতা কারোর নেইঃ
আছে। তা’হল সত্যিকারের বিরোধী শক্তি আওয়ামী লিগকে না ফেরালে বাংলাদেশ দ্রুতই আরেকটি পাকিস্তান হয়ে উঠবে যা ভারতসহ কোন বড় দেশই চায় না। ভাল করে ভাবুন, মাথায় মৃত্যুদণ্ডের খাঁড়া নিয়ে না হলে কেন দেশে ফিরতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন করার যোগ্যতা তারেক রহমানের নেই। ২০০৭ সালে তারেক রহমান যখন ব্রিটেনে যান, তিনি একটি স্ট্যাম্প পেপারে সই করেছিলেন। রাজনীতি না-করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু লন্ডন থেকে তিনি রাজনীতিই করেছেন। তাঁর মা খালেদা জিয়ার জায়গায় নিজে দলের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জনসভা করেছেন। দলীয় বৈঠকে যোগও দিয়েছেন। তারপরেও তাকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। চরমপন্থী চক্রগুলি আবার সক্রিয় হলে সেটা বাংলাদেশ যে আঞ্চলিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে সেটা সকলের জানা। তারেককেও বোঝানো হয়েছে যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে বা যে কোনও ধরনের পদক্ষেপ করতে পারে, কিন্তু দলের জনসমর্থন থেকে যাবে। আরেকটা কথা, শেখ হাসিনার বয়েস হয়েছে। দলকে নতুন করে তীব্র আন্দোলন গড়ে তোলার ক্ষমতা নেই। পাশেও নেই একসময়ের সঙ্গী হেফাজত ই ইসলাম।
সুবোধ ফিরুক, ফিরে আসুক বাংলাদেশঃ
শেখ হাসিনার ওপরে প্রতিহিংসামূলক মামলাগুলি প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর দড়ি টানাটানি চলছে শক্তিধর দেশগুলি বনাম ইসলামি জোটের যেখানে ইরান নেই। খেলাটা তুরস্ক-পাকিস্তানের সাথে ভারতের দাবাখেলার। এখানে নিতান্তই বোড়ে বাংলাদেশ। তবে হিসাব বলছে যে হাসিনা হয়ত অক্টোবর- নভেম্বরেই বাংলাদেশে ফিরবেন এবং সরকারি সবুজ সংকেতে। তারেক রহমানও অতি দ্রুত ভারতে আসবেন। ভারত তাদের শর্তেই সহযোগিতার হাত বাড়াবে বাংলাদেশের দিকে। বাংলাদেশও দ্রুত কাটিয়ে নেবে নিজেদের অর্থনৈতিক সমস্যা। সেটাই হওয়া সাধারন মানুষের কাম্য কারণ তারা উলুখাগড়া রাজায় রাজায় যুদ্ধে তাদের কী যায় আসে?
অমিত গোস্বামী: কবি ও কথাসাহিত্যিক, ভারত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency